সমস্যায় কোন মাধ্যম নয় ২৪ ঘন্টা পুলিশের সাথে যোগাযোগ করুন, ভূরুঙ্গামারীতে নবাগত ওসি আজিম


hamarkur6 প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন /
সমস্যায় কোন মাধ্যম নয় ২৪ ঘন্টা পুলিশের সাথে যোগাযোগ করুন, ভূরুঙ্গামারীতে নবাগত ওসি আজিম

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন উপজেলাবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেছেন। তিনি গত ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভূরুঙ্গামারী থানায় যোগদান করেন।

এক শুভেচ্ছা বার্তায় ওসি মোঃ আজিম উদ্দিন বলেন, থানায় যোগদান করা তার কাছে শুধু একটি পদ নয়, বরং ভূরুঙ্গামারীর মানুষের নিরাপত্তা, শান্তি ও আস্থার প্রতি একটি গভীর অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, সমাজের সর্বস্তরের প্রতিটি মানুষ তার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ ও সম্মানিত।

নবাগত ওসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে ভূরুঙ্গামারীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

পাশাপাশি থানা এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তার নেতৃত্বে থানা পুলিশ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওসি মোঃ আজিম উদ্দিন আরও বলেন, ভূরুঙ্গামারী থানা ও তাঁর দপ্তর দিনরাত ২৪ ঘণ্টা জনগণের সেবায় উন্মুক্ত থাকবে। যেকোনো সমস্যা বা তথ্যের জন্য থানার পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান তিনি। নাগরিকদের তথ্যভিত্তিক সহযোগিতায় পুলিশিং কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ভূরুঙ্গামারীবাসীর দোয়া, ভালোবাসা ও গঠনমূলক মতামত কামনা করে বলেন, সবাই মিলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সেবামূলক ভূরুঙ্গামারী গড়ে তোলাই তার মূল লক্ষ্য।