ড্যাবের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের ডা. ইউনুছ আলী যুগ্ম মহাসচিব


HK প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন /
ড্যাবের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের ডা. ইউনুছ আলী যুগ্ম মহাসচিব

সদর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

বিএনপিন্থি চিকিৎসকদের অন্যতম প্রভাবশালী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়েছে। অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি এবং ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে সমন্বিত ও পরামর্শমূলক দিকনির্দেশনা দেওয়ার জন্য ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ও গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন জেলা থেকে ৪০ জন চিকিৎসক যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে কুড়িগ্রামের কৃতি সন্তান ডা. মো. ইউনুছ আলী-কে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন কুড়িগ্রামের সুশীল সমাজ এবং চিকিৎসক মহলে আনন্দ ও অভিনন্দনের সৃজন করেছে।

ডা. মো. ইউনুছ আলী বলেন, “নবগঠিত কমিটিতে চিকিৎসক সমাজের সিনিয়র ও তরুণ নেতৃত্বকে সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সংগঠনকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে তুলবে।” তিনি আরও জানান, ড্যাবের মূল লক্ষ্য হচ্ছে চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্যখাতের সংস্কার এবং জনগণের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

সংগঠনের নেতৃত্বের মতে, নতুন কমিটি দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং চিকিৎসক সমাজের সুশৃঙ্খল সমন্বয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড্যাবের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে চিকিৎসক সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্দীপনা ও প্রত্যাশা উভয়ই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কুড়িগ্রামের ডা. ইউনুছ আলীর যুগ্ম মহাসচিব পদ পাওয়ায় স্থানীয়ভাবে গর্ব ও আনন্দের প্রকাশ লক্ষ্য করা গেছে।