
নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের হাফেজ ডা. ইব্রাহিম সম্প্রতি ৪৮ তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি একাধারে হাফেজে কুরআন, মাদ্রাসার প্রখর শিক্ষার্থী, এমবিবিএস ডাক্তার এবং বিসিএস ক্যাডার হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
ছাত্রজীবন থেকেই ইব্রাহিম মেধার দিক দিয়ে অন্যদের মধ্যে স্বতন্ত্র ছিলেন। তার বাবা আলহাজ্ব মাওলানা একে.এম. মোস্তাফিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ইব্রাহিম ৪ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
তার শিক্ষাজীবন শুরু হয় কুড়িগ্রামের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিসহ উত্তীর্ণ হন। বালুবাগান হিফজ মাদ্রাসা থেকে মাত্র দেড় বছরে হিফজ সম্পন্ন করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসায় অধ্যয়ন করে ৮ম শ্রেণী পর্যন্ত ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।
৯ম শ্রেণীতে ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে ২০১১ সালে দাখিল পরীক্ষায় জিপিএ–৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তিসহ উত্তীর্ণ হন। ইন্টারমিডিয়েট পর্যায়ে রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ থেকে জিপিএ–৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তিসহ উত্তীর্ণ হন। এরপর দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
ডা. ইব্রাহিম বর্তমানে এফসিপিএস ডিগ্রির জন্য পড়াশোনা করছেন এবং তার মায়ের স্বপ্ন পূরণ করেছেন। তার মায়ের ইচ্ছে ছিল, ছেলে ডাক্তার হয়ে নিজ গ্রামের মানুষদের সেবা করবে।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্বীনের খেদমতে দেশের কল্যাণে কাজ করতে পারেন।
উল্লেখযোগ্য, তার বড় ভাই মিশরের আযহার বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে অনার্স ও দেশে মাস্টার্স ও এমফিল শেষ করে বর্তমানে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত। তৃতীয় ভাই আল-কুরআন বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। সর্বকনিষ্ঠ ভাই আন্তর্জাতিক হাফেজ ও সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ে অনার্স অধ্যয়নরত।
আপনার মতামত লিখুন :