কুড়িগ্রাম সরকারি কলেজের অভূতপূর্ব সাফল্য: শিক্ষক নিবন্ধনে ১৫০ জনের বেশি উত্তীর্ণ


HK প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ১:৩৯ অপরাহ্ন /
কুড়িগ্রাম সরকারি কলেজের অভূতপূর্ব সাফল্য: শিক্ষক নিবন্ধনে ১৫০ জনের বেশি উত্তীর্ণ

নিউজ ডেস্ক

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজ অর্জন করেছে ইতিহাস সৃষ্টিকারী সাফল্য। এবার এ কলেজ থেকে ১৫০ জনেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে শুধু ইংরেজি বিভাগ থেকেই ৪০ জনের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ফলাফলের বিশ্লেষণ বলছে, এটি জেলার মধ্যে সর্বোচ্চ অর্জন।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জানান, “দিন দিন এ প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এখন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে চাকরিক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। ১৬তম ও ১৭তম নিবন্ধনের মতো এবারও আমরা অসাধারণ সাফল্য পেয়েছি।”

জানা গেছে, এবারের নিবন্ধনে জেলার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীও কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ সাফল্য আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি কেবল কলেজের মর্যাদা বাড়ায়নি, বরং পুরো কুড়িগ্রাম জেলার জন্যও এক গৌরবময় অর্জন।