ভূরুঙ্গামারী-নাগেশ্বরী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-ওষুধসহ আটক, গ্রেপ্তার ১


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন / ০
ভূরুঙ্গামারী-নাগেশ্বরী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-ওষুধসহ আটক, গ্রেপ্তার ১

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ফোন ও একটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ময়দান, শালঝোড় ও উত্তর ধলডাঙ্গা এবং নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে উল্লিখিত মালামাল আটক করা হয়।

এ ছাড়া গাঁজা চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও আটক করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা মালামালের সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।

গ্রেপ্তার মারুফ হোসেন ওরফে সুরুজ ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার ঝালবাজার এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিজিবি মারুফ হোসেন ওরফে সুরুজের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ