
ডেস্ক নিউজ
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন উলিপুরের কৃতি সন্তান মোঃ সাজ্জাদ হোসাইন। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, রক্তদান, শিক্ষা সহায়তা ও যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের হলরুমে আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
মোঃ সাজ্জাদ হোসাইন স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক। অনুষ্ঠানে এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক, সহকারী পরিচালক, বিভিন্ন উপজেলার যুব সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসাইন বলেন, কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন। যুব সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময়, তাঁদের সমস্যা ও সংকট চিহ্নিত করা এবং সমাধানের চেষ্টা করছেন। এ স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ কার্যক্রমের গতি আরও বাড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বেলগেছা যুব সংগঠনের সভাপতি মোঃ রাফি বলেন, সাজ্জাদ যুবকদের সংগঠিত করতে দক্ষতার সঙ্গে কাজ করেন। তাঁর আহ্বানে ইতোমধ্যে এক হাজারের বেশি রক্তদাতা সাড়া দিয়ে রক্তদান করেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জেলায় পরিচিতি লাভ করেছেন।
উল্লেখ্য, মোঃ সাজ্জাদ হোসাইন দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
আপনার মতামত লিখুন :