নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল উপজেলার বদিজামালপুর কানিপাড়া এলাকায় রেজাউল করিম ওরফে রাজু আহমেদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মো. হেলাল উদ্দিন (৩৭), পিতা—মৃত হাকিম, সাং—চামটারপাড় এবং মো. রাব্বি (২৬), পিতা—মৃত শাহজাহান আলী, সাং—বিদ্যুৎপাড়া, উভয়েই নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম—কে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার ব্র্যাক মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কানিপাড়া এলাকায় একটি বাসার কক্ষে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন। পরে দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে হেলাল উদ্দিন ও রাব্বি মিয়াকে ৯০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কানিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।






