কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার সিনহা হোটেলের সামনে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মুকুল মিয়া (৩৮), রবিউল ইসলাম (২৭), জিম মিয়া (১৮)সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার সিনহা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন হাবিব মিয়ার বড় আব্বা মো. সাকু মিয়া (৫৫)। একপর্যায়ে অভিযুক্তরা সাকু মিয়ার ওপর হামলা চালিয়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
সাকু মিয়ার চিৎকার শুনে হাবিব মিয়া ও তার বাবা মো. রাজু মিয়া এগিয়ে গেলে তাদের ওপরও ধারালো দা ও ছুরি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে হাবিব ও রাজুর মাথায় গুরুতর কাটা-রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন। এরপর একটি অটোরিকশাযোগে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী হাবিব মিয়া ১৪৮৪৭/৪৫, সাকু মিয়া ১৪৮৩৯/৩৭ এবং রাজু মিয়া ১৪৮৪০/৩৮ নম্বরে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হাবিব মিয়ার অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় হাবিব মিয়া বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






