রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি ও রাত্রিকালীন অভিযান পার্টি যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। অভিযানে রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বসতবাড়িতে জুয়া খেলার সময় ১৪ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রৌমারীর চৎলাকান্দা এলাকার মো. ভোলা মিয়া (৬০), বোয়ালমারী এলাকার মো. একরামুল হক (৪৫), উত্তর ইজলামারী এলাকার মো. নুরুল আমিন (৫৬), মির্জাপাড়া এলাকার মো. ছহিবর রহমান (৪০), রাজারহাট তালুক কানুয়া এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪০), চর নতুন বন্দর এলাকার এনামুল হক (৪৫), বেহুলার চর এলাকার মো. কামাল হোসেন (৩৮), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার মো. আঃ মান্নান (৩৮), চান্দারচর এলাকার আঃ গফুর (৪২), ইজলামারী এলাকার আইয়ুব আলী (৫০), খাটিয়ামারী এলাকার আনুজ্জামান (৫০), নটানপাড়া এলাকার মো. শালু মিয়া (৫২), চর নতুন বন্দর এলাকার মো. রাশেদুল হক (৩৭) ও চান্দারচর এলাকার মো. অফিল উদ্দিন (৪৪)।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার ১৪ জনের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






