নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
রাষ্ট্রীয়, সরকারি ও কূটনৈতিক অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদকে ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স, ১৯৮৬’ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী নির্ধারিত রাষ্ট্রীয় মর্যাদা ও প্রটোকল নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে নির্দেশনা পাঠিয়েছে। এতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, কূটনৈতিক অনুষ্ঠান, আসন বিন্যাস (Seating Arrangement), আনুষ্ঠানিক চিঠিপত্র এবং আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স’ অনুসরণ করে যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বলা হয়েছে।
সরকারি ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী জেলা পরিষদের প্রশাসকদের অবস্থান ২৪ নম্বরে, যা জেলা প্রশাসকদের (ডিসি) সমমর্যাদার। ফলে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদও রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে এই মর্যাদা অনুযায়ী প্রটোকল ও সম্মান পাবেন।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদও একজন। নতুন এ নির্দেশনার মাধ্যমে তাঁরসহ সব জেলা পরিষদ প্রশাসকের রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুসরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।






