মাইদুল ইসলাম | Hamar Kurigram
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বামনের কুঠি গ্রামের সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫)-এর বসতবাড়িতে মজুদ করে রাখা ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দ করা ৪২টি জালের মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার। আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় সব ধরনের জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও বলেন, “মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জালের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






