ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে আটক দুই বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসংলগ্ন একটি গলিতে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা দুই বস্তা কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন সেখানে এসে ভয়ভীতি প্রদর্শন করে অটোরিকশায় থাকা দুই বস্তা চকলেট নিজের জিম্মায় নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আটক ব্যক্তিদের একজন কাজী মারুফ তাদের বলেছিলেন, চকলেটগুলো সীমান্ত এলাকা থেকে আরিফ হোসেনের বাড়িতে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে আরিফ ঘটনাস্থলে এসে অটোরিকশাসহ তাদেরকে ছাড়িয়ে নেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালায়। অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, অভিযান চালিয়ে এক বস্তা চকলেট এবং আরিফ হোসেন নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল বলেন, আরিফ হোসেন বিএনপির কর্মী। তবে বৃহস্পতিবার রাতের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।






