১৫ বিজিবির অভিযানে কুড়িগ্রাম ও লালমনিরহাটে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মসলা জব্দ


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ৪:১০ অপরাহ্ন /
১৫ বিজিবির অভিযানে কুড়িগ্রাম ও লালমনিরহাটে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মসলা জব্দ

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুইটি বিশেষ টহলে ভারতীয় ইস্কাফ সিরাপ ও বিভিন্ন মসলা জব্দ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, চোরাকারবারীরা ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ১২ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে বনচোকি বিওপির আওতাধীন আমঝোল এলাকা (থানা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট) এবং বিকেল ৪টা ৩০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন পূর্ব রামখানা এলাকা (থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম)-এ পৃথক দুইটি টহল দল অভিযান চালায়।

এ সময় সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করা হলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২৩ কেজি এলাচ এবং ১৫ কেজি জিরা জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।