কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন /
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম


কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মনোরম পরিবেশে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আহসান হাবিব নীলু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলাল বোস, সাতকুঁড়ি রায় নীলু এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একুশে টেলিভিশন শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গণমাধ্যমটি দেশের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “একুশে টেলিভিশন কুড়িগ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছে, ভবিষ্যতেও আরও অগ্রণী ভূমিকা পালন করবে।”
এদিকে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ বলেন, জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়মিতভাবে তুলে ধরছে এই গণমাধ্যমটি। জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, “একুশে টেলিভিশন ইতোমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব।