হজ গাইড হিসেবে নিয়োগ পেলেন গোলেরহাটের কৃতি সন্তান মাওলানা শামসুল হুদা


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন /
হজ গাইড হিসেবে নিয়োগ পেলেন গোলেরহাটের কৃতি সন্তান মাওলানা শামসুল হুদা

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২-এর তফসিল–৩ এর শর্তাবলি পরিপালন সাপেক্ষে হিজরি ১৪৪৭/২০২৬ সনের হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ১০০ জনকে হজ গাইড হিসেবে নিয়োগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলেরহাট গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব হযরত মাওলানা শামসুল হুদা। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা শামসুল হুদা একজন সুপরিচিত, ধর্মভীরু, সৎ ও দায়িত্বশীল আলেম। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। নৈতিক শিক্ষা, দ্বীনি দাওয়াত ও মানবিক কার্যক্রমে তাঁর অবদান প্রশংসিত।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, হজ গাইড হিসেবে তিনি পবিত্র মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফায় হজযাত্রীদের সার্বিক দিকনির্দেশনা ও সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ উপলক্ষে তাঁর আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং পবিত্র হজ ও দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করে দোয়া করেছেন।