
শাহ্জাহান খন্দকার ।। উলিপুর
গণভোট–২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রাম পর্যায়ে উঠানবৈঠক আয়োজন ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ প্রচারণা চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

উঠানবৈঠকগুলোতে উপস্থিত কর্মকর্তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে অবহিত করেন। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আলাদা করে সচেতনতামূলক আলোচনা করা হয়।
প্রচারণাকালে বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট আয়োজনের জন্য ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন এবং ভোট দিতে আগ্রহী হচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :