মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে সত্যিকারের বিজয়: চরমোনাই পীর


hamarkur6 প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ১০:১১ অপরাহ্ন /
মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে সত্যিকারের বিজয়: চরমোনাই পীর

নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মানবতার কল্যাণে, ন্যায় ও সৎ আদর্শ প্রতিষ্ঠায় ভোট দেওয়াই হবে সত্যিকারের বিজয়। তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে একমাত্র হাতপাখা প্রতীকই ইসলামের পক্ষে রয়েছে এবং এই প্রতীকের মাধ্যমেই ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর–চিলমারী) আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “আমরা আগেই ঘোষণা দিয়েছি—ইসলামের পক্ষে থাকবে একটি মাত্র বাক্স, আর সেই বাক্স হলো হাতপাখা প্রতীক। হাতপাখাই ইসলামী আইন প্রতিষ্ঠার প্রতীক।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়; তাদের সঙ্গে আল্লাহর সাহায্য রয়েছে। পাশাপাশি দেশের সম্মানিত ওলামা-মাশায়েখে কেরাম ইসলামী আন্দোলনের সঙ্গে রয়েছেন। যারা ইসলাম ধর্মের আদর্শ, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা মূলত ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন বাংলাদেশ গড়তে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং মানবতার কল্যাণে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।