ডেস্ক নিউজ
শেরপুর থেকে কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে ইউরিয়া সার পাঠানোর চেষ্টার অভিযোগে ২৫ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই খুচরা সার বিক্রেতাকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝগড়ারচর বাজার থেকে দুটি গাড়িতে করে ২৫ বস্তা ইউরিয়া সার কুড়িগ্রামের রৌমারীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা একটি ভটভটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্যাশমেমো ছাড়া সার বিক্রির অভিযোগে ঝগড়ারচর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স সারোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
অন্যদিকে, মেসার্স হারুন অর রশিদ ট্রেডার্সের পরিচালক চঞ্চল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






