নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৯ মে, ২০২৬
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ রাজ্জাককে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রাজু আহমেদ রাজ্জাকের বিরুদ্ধে একাধিক গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়, যা কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশক্রমে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
বহিষ্কারের কারণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কুড়িগ্রাম জেলা এনসিপির কয়েকজন নেতা অভিযোগ করেন, রাজু আহমেদ রাজ্জাক সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও, তিনি ও জেলার কয়েকজন সিনিয়র নেতার বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।
তবে সংশ্লিষ্ট নেতারা আরও বলেন, একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও শুধুমাত্র একজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়, রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা থেকে দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত রাজু আহমেদ রাজ্জাকের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






