
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলা পরিষদের সামনে বিএনপির কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং র্যালি অনুষ্ঠিত হয়। ওই র্যালির সম্মুখ সারিতে অবস্থান করতে দেখা যায় জিয়ারা খাতুন রোজিকে। অথচ সকাল ১০টার দিকে তিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের কাছে অসুস্থতার কথা বলে মৌখিকভাবে ছুটি নিয়েছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং সরকারি কর্মচারী আইন, ২০১৮ অনুযায়ী এ বিধান কার্যকর। আইন ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং অবসরের পর রাজনীতিতে যুক্ত হতে পারবেন।
চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার জানান, রোজি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন।
নিজেও বিষয়টি স্বীকার করে শিক্ষক জিয়ারা খাতুন রোজি বলেন, “আমি স্কুল থেকে ছুটি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি, যা আসলে চাকরিবিধির সঙ্গে যায় না। আগামী ছয় মাসের মধ্যে চাকরি অথবা রাজনীতি—একটি পথ বেছে নেব।”
চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, ওই শিক্ষিকার দলীয় পরিচয় সম্পর্কিত তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিসের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :