
নিউজ ডেস্ক
আজ ভোররাতে ঢাকা থেকে রৌমারীগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রৌমারী উপজেলা শাপলা চত্বরে নির্মিত শাপলা ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ভাস্কর্যে আঘাত করলে সেটির একটি অংশ ভেঙে যায়।
ঘটনার পরপরই রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ভাস্কর্যের ক্ষয়ক্ষতি দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রশাসন জানিয়েছে, শাপলা ভাস্কর্যের ঐতিহাসিক ও নান্দনিক গুরুত্ব বিবেচনায় দ্রুত পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি এ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানা গেছে। জনস্বার্থে এসব অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ইউএনও আলাউদ্দিন বলেন, “শাপলা ভাস্কর্য রৌমারীর মানুষের আবেগ ও গৌরবের প্রতীক। দ্রুত সময়ের মধ্যে এটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “সুন্দর ও নান্দনিক রৌমারী গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।”
ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিলেও দ্রুত সংস্কারের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :