কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ২:৫১ অপরাহ্ন /
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা

শাহজাহান খন্দকার ।। উলিপুর

উলিপুরে শান্তিপূর্ণ পরিবেশে ইউএনও’র কাছে মনোনয়ন দাখিল—নির্বাচনী আমেজে জমে উঠছে মাঠ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উলিপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচেষ্টা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের হাতে মনোনয়ন ফরম হস্তান্তর করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সালেহী বলেন, উলিপুরবাসীর অধিকার সংরক্ষণ, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ-দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়েই তিনি এ নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের আস্থা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও জনসেবায় ভূমিকা রাখতে চান বলেও তিনি জানান।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের মাধ্যমে নির্বাচনী উত্তাপে রং ছড়াতে শুরু করেছে উলিপুর জুড়ে।