নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব খন্দকার আল ইমরানকে সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একটি রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়ার দাবি করে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সোমবার (০১ জুন, ২০২৬) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র, নিরপেক্ষ, বিপ্লবী ও ঐতিহাসিক সংগঠন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই ব্যানারে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করলেও, ৫ আগস্ট পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ নিজ নিজ সাংগঠনিক অবস্থানে ফিরে গেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব খন্দকার আল ইমরানের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার একাধিক সুষ্পষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। তার এমন কর্মকাণ্ড সংগঠনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
সংগঠনের নীতি, আদর্শ, নিরপেক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে জেলা কমিটির ‘সুপার ফাইভ’ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে খন্দকার আল ইমরানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।
স্মারক নং: বৈছাআ/প্রেস/২০২৬-২৬/০৮ সংবলিত ওই বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন জেলা আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন সোহান, মুখপাত্র জান্নাতুল ফেরদাউস মিম এবং মুখ্য সংগঠক সাকিব মিয়া।
এর আগে সোমবার সকালে খন্দকার আল ইমরান নিজের ফেসবুক আইডিতে “জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম জেলা — বসন্ত Loading…” লিখে একটি পোস্ট দেন।

অবাঞ্ছিত ঘোষণার প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক মিনিট পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন, আগামী তিন ঘণ্টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০০ নেতাকর্মী সংগঠন থেকে সরে আসবেন। একই সঙ্গে তিনি তথাকথিত জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করার কথাও উল্লেখ করেন। তার পোস্টে তিনি লেখেন, “বসন্ত আছে, বসন্ত চলবে। কোনো কারণ ছাড়াই অবাঞ্ছিত ঘোষণা করে হিরো সাজার নাটক আর না। ইনকিলাব জিন্দাবাদ।”

এর প্রায় পাঁচ ঘণ্টা পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সাতজনকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন খন্দকার আল ইমরান।

যোগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে তৎক্ষণাৎ জাতীয় ছাত্রশক্তিতে যোগদান। ঈদের সময় থাকায় অনলাইনে সকল নেতাকর্মী যুক্ত ছিল। আগামীতে বসন্ত আসতে চলেছে। ইনকিলাব জিন্দাবাদ।”






