ভূরুঙ্গামারী তিলাই স্কুলে আইন ও সচেতনতামূলক ক্লাস নিলেন ওসি আল হেলাল মাহমুদ খুশি শিক্ষক-শিক্ষার্থীরা


HK প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন /
ভূরুঙ্গামারী তিলাই স্কুলে আইন ও সচেতনতামূলক ক্লাস নিলেন ওসি আল হেলাল মাহমুদ খুশি শিক্ষক-শিক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য আইন ও সচেতনতামূলক ক্লাস পরিচালনা করেন।

এ সময় তিনি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, মাদকাসক্তি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম— বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনের সঠিক ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ওসি আল হেলাল মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছোট ছোট অপরাধ থেকেই বড় অপরাধের জন্ম হয়। তাই শৈশব থেকেই সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে। মাদক ও অসৎ কাজ থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। যেই জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতিই তত বেশি উন্নত।”

তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন এবং বলেন, জীবনে সফল হতে হলে বড় স্বপ্ন দেখতে জানতে হবে। পাশাপাশি ঘরে বাবা-মাকে সহযোগিতা করা উচিত বলেও উল্লেখ করেন।

ওসি শিক্ষার্থীদের সঙ্গে আইন সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং তাদের মতামত নেন। শিক্ষার্থীরা তার প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক ক্লাসে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ক্লাস চালু রাখার অনুরোধ জানায়।

তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন বলেন, “ওসি স্যার খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন। এভাবে যদি মাঝে মাঝে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তা হলে তারা আরও সচেতন ও অনুপ্রাণিত হবে।”

ওসি আল হেলাল মাহমুদের এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।