
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” স্লোগানকে সামনে রেখে অপরাধ দমন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ভূরুঙ্গামারী থানা চত্বরে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম। অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই মিতু।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, যৌতুক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের করণীয় ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
উন্মুক্ত আলোচনায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সরাসরি তাদের প্রশ্ন, সমস্যা ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং আলোচনায় উত্থাপিত বিষয়গুলোর বাস্তবসম্মত সমাধান ও পুলিশের পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে অপরাধ দমন অনেক সহজ হয়। শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনে সকলকে একত্রে মিলেমিশে নির্বাচন পরিচালনার জন্য সহযোগিতা করতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ওপেন হাউজ ডে কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান।
আপনার মতামত লিখুন :