ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ৪০ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ৪০ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৪০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সংকোচ নদীর উত্তর তীরে ভারতীয় সীমান্তঘেঁষা উত্তর ধলডাঙ্গা চরাঞ্চলে জেলা পরিষদ কুড়িগ্রামের অর্থায়নে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম।

বক্তারা বলেন, এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাঁদের নিজ এলাকায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। তারা অংশগ্রহণকারীদের আহ্বান জানান—সেলাই মেশিন বিক্রি না করে নিজ উদ্যোগে কাজ শুরু করে স্থানীয়ভাবে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করার জন্য।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

সেলাই মেশিন পেয়ে প্রশিক্ষণার্থী নাজমা বেগম বলেন, “মেশিন পেয়ে আমি খুব খুশি। এখন থেকে নিজেরাই আয় করতে পারবো। এই আয় দিয়ে সন্তানদের পড়াশোনা ও পরিবারের খরচ চালাতে পারবো।”