বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লিজা আক্তার হত্যা মামলার এক আসামি গ্রেফতার


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৬:১২ অপরাহ্ন /
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লিজা আক্তার হত্যা মামলার এক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত লিজা আক্তার হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনার এক বছর পাঁচ মাস পর তাকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃত আসামির নাম মাহতাব হোসেন রুদ্র (২৫)। তিনি কহিদুর রহমান ও মাসেদা বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রামেশ্বর শর্মা গ্রামে। আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট ও এলআইসি শাখার একটি যৌথ আভিযানিক দল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে রমনা থানাধীন শান্তিনগর মোড় ও সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কানিফার টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাটের বারান্দায় অবস্থানরত লিজা আক্তার গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৪ তারিখে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা নং-০১, তারিখ ০৫/০৯/২০২৪ খ্রি. দায়ের করা হয়। মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারাসহ বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮-এর ৩/৪/৬ ধারা অন্তর্ভুক্ত করা হয়।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন আসামি মাহতাব হোসেন রুদ্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান পপিসহ হেলমেট পরিহিত আওয়ামীপন্থী নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করে আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে অংশ নেন।

ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিআইডি।