
ফুলবাড়ী প্রতিনিধি
তীব্র শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আল-সুন্নাহ্ কল্যাণ ফাউন্ডেশন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
“সত্যের পথে মানুষের কল্যাণে” স্লোগানে পরিচালিত এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ফুলবাড়ী উপজেলা ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শতাধিক দরিদ্র পরিবার শীতবস্ত্র পেয়ে উপকৃত হয়।
এ মানবিক কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ও অনুপ্রেরণা হিসেবে ছিলেন আল-সুন্নাহ্ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মানবিক সমাজসেবক—ওমান প্রবাসী মোঃ আপেল মাহমুদ, মোঃ লাভলু মিয়া এবং মোঃ ওমর ফারুক। তাদের সম্মিলিত উদ্যোগেই গড়ে ওঠে আল-সুন্নাহ্ কল্যাণ ফাউন্ডেশন।
শীতবস্ত্র বিতরণকালে আয়োজকরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আল-সুন্নাহ্ কল্যাণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। শীত মৌসুমে যেন কোনো দরিদ্র মানুষ কষ্টে না থাকে, সে উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, ভবিষ্যতে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতারা জানান, দীর্ঘদিন ধরেই তারা মানবিক ও সামাজিক কাজে যুক্ত রয়েছেন এবং আগামীতেও এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :