
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ভারতীয় প্যান্ট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার অনন্তপুর বিওপির একটি বিশেষ টহলদল নাগরাজ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৭০ পিস ভারতীয় প্যান্ট জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—একটি চোরাচালান চক্র সীমান্ত পথে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করানোর পরিকল্পনা করছে। সেই তথ্যের আলোকে গভীর রাতে অনন্তপুর বিওপির আওতাধীন নাগরাজ এলাকায় টহল জোরদার করা হয় এবং অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সদস্যরা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :