
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার শিমুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করবে বলে জানা যায়। ওই তথ্যানুযায়ী বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন শিমুলবাড়ী মাঠ এলাকায় টহল দল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক কয়েকজনের গতিবিধি দেখে টহল দল ধাওয়া করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মালামাল তল্লাশি করে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ৫৮ হাজার ৪০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :