বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণের জন্য বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৪৩ হাজার ২০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সভায় পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অমল চন্দ্র বর্মন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সুকুমার সেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শামছুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান এবং উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানান।
এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন, পুলিশ ও র্যাবের টহল জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।






