রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার জাকির হোসেনের শয়নকক্ষ থেকে এসব মদ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা মদের মধ্যে রয়েছে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের মদ। সব মিলিয়ে মোট ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের পাশাপাশি তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।






