প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত রাজারহাটের এক শিক্ষার্থী


HK প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন /
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত রাজারহাটের এক শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, রাজারহাট উপজেলা

প্রধান শিক্ষকের প্রশাসনিক ভুলের কারণে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জান্নাতি খাতুন। তিনি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেন তিনি। পুরো বছরজুড়ে মনোযোগের সঙ্গে পরীক্ষার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু একটি প্রশাসনিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে এসে তার সেই স্বপ্ন ভেঙে যায়।

জানা যায়, গত সোমবার বিদ্যালয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে জান্নাতি দেখতে পান, তার সহপাঠীদের সবার প্রবেশপত্র এলেও তারটি আসেনি। বিষয়টি জানার পর থেকেই পরিবারে নেমে আসে হতাশা ও উদ্বেগ।

পরিবার সূত্রে জানা গেছে, মানবিক বিভাগে অধ্যয়নরত জান্নাতি নিয়মিত প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করেছিলেন। ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার জন্য বড় ধরনের মানসিক আঘাত হয়ে দাঁড়িয়েছে।

জান্নাতির বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, তার বোন ভালো ফলাফল করলে রংপুরের একটি ভালো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু একটি ভুলের কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়ে গেল।

নিজের অনুভূতি জানাতে গিয়ে জান্নাতি খাতুন বলেন, এসএসসি পরীক্ষা দেওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে—তা কখনও ভাবেননি।

এ বিষয়ে ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, প্রবেশপত্র বিতরণের পর কয়েকজন শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল ধরা পড়ে। তা সংশোধনের জন্য বোর্ডে যেতে হয়েছে। জান্নাতির বিষয়টি তার নিজের ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, এ জন্য তিনি শিক্ষার্থীর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

ঘটনাটি স্থানীয়ভাবে গভীর হতাশার জন্ম দিয়েছে এবং শিক্ষাব্যবস্থায় দায়িত্বশীলতার প্রশ্ন আবারও সামনে নিয়ে এসেছে।