নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পের অর্থ বণ্টন নিয়ে অভিযোগ করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার মধ্যে আইনি বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এনসিপির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মো. মাসুম মিয়া কুড়িগ্রাম সদর থানায় মো. মাসুদ রানা ইকবাল এনসিপি কুড়িগ্রাম পৌর শাখার সাবেক যুগ্ম সমন্বয়কারী -এর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ১০ জুলাই ২০২৬ কুড়িগ্রাম সদর থানায় জিডি নং-৫৮০ (ট্র্যাকিং নং: BW7W1Y) দায়ের করেন মো. মাসুম মিয়া। জিডিতে তিনি উল্লেখ করেন, ৯ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে ফেসবুকে প্রবেশ করে তিনি দেখতে পান, ‘Ekbal Khan’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই আইডির ব্যবহারকারী মো. মাসুদ রানা ইকবাল।
ফেসবুক পোস্টে মো. মাসুদ রানা ইকবাল লেখেন,
“কুড়িগ্রাম-২ আসনে পানি উন্নয়ন বোর্ডের কাজের গত একটি কাজের পিসি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং রানিং একটি কাজের ১৮ লাখ টাকা এনসিপির নামে জমা হয়েছে। এর দায়িত্বে কে আছে? শুনলাম কুড়িগ্রাম পৌরসভার ভবিষ্যৎ মেয়র হবে এই আশা নিয়ে আছেন সেই ব্যক্তি মো. মাসুম মিয়া। টাকাটা কীভাবে বণ্টন হয় বলবেন কি?”

জিডিতে মো. মাসুম মিয়া দাবি করেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। তার ভাষ্য অনুযায়ী, সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম, রাজনৈতিক ভাবমূর্তি ও পেশাগত অবস্থান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থেই তিনি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
জিডিতে আরও অনুরোধ করা হয়, সংশ্লিষ্ট ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের। পরে কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নথিভুক্ত করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মো. মাসুম মিয়া বলেন, “আমার বিরুদ্ধে ‘Ekbal Khan’ আইডি থেকে যে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন অপেক্ষা এইসব বাটপারদের মুখোশ উন্মোচনের। এ ধরনের আইডি ব্যবহার করে জেলার সম্মানিত ব্যক্তিদের সম্মানহানির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, জিডিতে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী মো. মাসুম মিয়ার বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদ রানা ইকবালের বক্তব্য পাওয়া যায়নি।






