নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব খেলার মাঠ ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবি দীর্ঘদিনের। এসব সমস্যার সমাধান এবং ক্যাম্পাসে খেলার মাঠ ও হোস্টেল নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তবে শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নিজস্ব খেলার মাঠ ও পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় এসব সুবিধা না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, নিজস্ব খেলার মাঠ না থাকায় খেলাধুলা ও শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। অন্যদিকে, দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না থাকায় বাইরে বাসা বা মেসে থাকতে হচ্ছে। ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে, যা অনেক শিক্ষার্থীর জন্য বাড়তি চাপ তৈরি করছে।
শিক্ষার্থীদের দাবি, এসব সমস্যার স্থায়ী সমাধানে ইনস্টিটিউটের জন্য নিজস্ব জমি বরাদ্দ এবং খেলার মাঠ ও হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি। এ লক্ষ্যে জেলা প্রশাসকের বিশেষ সহযোগিতাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।
শিক্ষার্থীদের মতে, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা নিরাপদ আবাসন ও খেলাধুলার সুযোগ পাবেন। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা তাদের।






