নিউইয়র্কে এনসিপি নেতাসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:৪৮ পূর্বাহ্ন /
নিউইয়র্কে এনসিপি নেতাসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক অনলাইন

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এনসিপি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির জেলা প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সভাপতি জাহিদ ইসলাম এবং যুব শক্তির জেলা আহ্বায়ক এম. রশীদ আলী।

বক্তারা অভিযোগ করে বলেন, “শেখ হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা ফ্যাসিবাদের ডিম নিক্ষেপকে ভয় পাবে না। বিদেশের মাটিতে যারা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে, তারা কখনো দেশের বন্ধু হতে পারে না।” তারা অবিলম্বে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, নারী সংগঠক নাছিরা খন্দকার নিশা এবং সদর উপজেলা আহ্বায়ক রাজু আহমেদ রাজ্জাকসহ দলীয় নেতৃবৃন্দ।