নাগেশ্বরীতে শিক্ষক-কর্মচারীদের দাবি আদায় ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন /
নাগেশ্বরীতে শিক্ষক-কর্মচারীদের দাবি আদায় ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী

শিক্ষক সমাজ একটি জাতির বিবেক তাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। অথচ সেই শিক্ষকরাই আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আন্দোলনের পথে নেমেছেন। দাবি আদায় ও সহকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীরা অবমূল্যায়নের শিকার হচ্ছেন। ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়ে তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।