নাগেশ্বরীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন /
নাগেশ্বরীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনব্যাপী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রামখানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ আয়োজন হয়।

ল্যাম্ব হাসপাতাল (নাগেশ্বরী শাখা) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ মেলার আয়োজন করে। সকাল ১১টায় উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য দেন ডা. সুজন সাহা, মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌসি খাতুন, ডা. সুমাশ্রী রায় (ডিএসআরএইচআর কেয়ার), ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ, প্রজেক্ট অফিসার এক্কা বাদলসহ অনেকে।

মেলায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসেন বউ-শাশুড়িরা। তাদের জন্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানা সেশন হয়। অংশগ্রহণকারীদের জানানো হয়— মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবা এবং জরায়ুর মুখ ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কে। পাশাপাশি কিশোরীদের জন্য ফিস্টুলা বিষয়ে বিশেষ কাউন্সেলিং করা হয়।

ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ জানান, এই বিশেষ মেলার মাধ্যমে বউ-শাশুড়ির পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা হয়। এর লক্ষ্য হলো নারীর স্বাস্থ্য, সচেতনতা ও পরিবারিক সম্পর্ককে আরও মজবুত করা।