দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি প্রতিপাদ্যে ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১:০১ পূর্বাহ্ন /
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি প্রতিপাদ্যে ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে একটি রেলি অনুষ্ঠিত হয়, পরে বেলুন উড়িয়ে এবং কবুতর উন্মুক্ত করে উদ্ভোধন করা হয়। পরে উপজেলা হলরুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের টিটু মিয়া এবং গীতা থেকে পাঠ করেন ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক পরেশ চন্দ্র।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুজ্জামান। তিনি প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ ব্যবস্থা, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের জন্য বিভিন্ন সহায়তা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ. এস খোকন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া নাহিদ।

বক্তারা বলেন, দেশীয় জাতের গবাদিপশু রোগ প্রতিরোধে শক্তিশালী এবং পালন ব্যয় কম— যা খামারিদের জন্য লাভজনক। কৃত্রিম প্রজনন, ডিজিটাল পশু ব্যবস্থাপনা, মোবাইল ভেটেরিনারি সেবা, রোগ শনাক্তকরণ প্রযুক্তি এবং পুষ্টিকর খাবার ব্যবস্থাপনা খাতকে এগিয়ে নিচ্ছে। ক্ষুদ্র খামারিদের জন্য বিশেষ ঋণ, প্রশিক্ষণ, টিকাদান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ প্রদানের বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

বক্তারা আরো বলেন, এফএমডি, পিপিআরসহ বিভিন্ন প্রাণীর রোগ প্রতিরোধে সরকারি টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুধ সংগ্রহ, সংরক্ষণ এবং বাজারজাতকরণে আধুনিক ব্যবস্থাপনা চালুর ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

তাঁরা মনে করেন, প্রাণিসম্পদ খাত কৃষি অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সহায়তা নিশ্চিত হলে এই খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

আলোচনা শেষে অতিথিরা প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শিত ৩০টি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে খামারি, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।