
মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণ ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জেলা পরিষদ হল রুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে, ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাকশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের সহযোগিতায় এ সংলাপটি অনুষ্ঠিত হয়।
সংলাপের শুরুতে জেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নারী, যুব, সিভিল সোসাইটি প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ সক্রিয়ভাবে অংশ নেন।

পরে সংলাপ পর্বে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা নির্বাচনকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে নানা প্রশ্ন করেন। এতে নির্বাচনী প্রচারণায় পিভিসি ব্যানারের ব্যবহার, গাছে পেরেক ঠুকে পোস্টার টানানো, প্রচারণায় শিশুদের সম্পৃক্ত করা, সাইবার বুলিং, ভোটারদের ওপর জোরপূর্বক টিপসই নেয়ার মতো বিষয়গুলো উঠে আসে।
এ ছাড়া নারী ও যুবদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর পাশাপাশি প্রথমবার ভোটদানে আগ্রহী তরুণদের উৎসাহিত করা এবং সংরক্ষিত নারী আসনের সীমাবদ্ধতা নিয়ে জনসচেতনতা তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হুমায়ূন কবির, জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা সালমা খাতুন, কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম. রশিদ আলী ও উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াসমিন।
আপনার মতামত লিখুন :