
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহিন শিকদার) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সারাদেশের আরও ৭৪ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত বছরের ১৫ মে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ফরিদুল হক শাহিন শিকদারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর আগে ১৩ মে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন শাহিন শিকদার। আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাহিন শিকদার বলেন, “দল আমাকে বহিষ্কার করেছিল, আমি তা মেনে নিয়েছিলাম। তারপরও দলের সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। ভূরুঙ্গামারীতে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা–কর্মীদের নিয়ে নতুন উদ্যমে কাজ করবো ইনশাআল্লাহ।”
আপনার মতামত লিখুন :