
শাহজাহান খন্দকার ।। উলিপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সরকার মো: নুরে এরশাদ সিদ্দিকী।
সোমবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, কুড়িগ্রামে তিনি দলীয় প্রতীক ট্রাক নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: নুরে এরশাদ সিদ্দিকী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। মনোনয়নপত্র জমাদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“সমৃদ্ধ উলিপুর গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের পাশে থাকতে চাই। স্থানীয় সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরে ওয়েলফেয়ার পলিটিক্স তথা সমস্যা সমাধানের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, কুড়িগ্রামের নদীভাঙন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন জোরদার করা তার প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে সরকার মো: নুরে এরশাদ সিদ্দিকী উলিপুরবাসীর আস্থা অর্জন করবেন এবং বিকল্প ধারার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :