
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম সীমান্তে সুরক্ষা নিশ্চিতকরণ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় জেলার সীমান্ত এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার যাত্রাপুর ও চর নারায়ণপুর এবং ফুলবাড়ী সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, কাঁটাতারের বেড়ার পাশে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “দেশের সীমান্ত সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। অতীতে যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেসব স্থানে বাড়তি নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে টহল কার্যক্রমও দ্বিগুণ করা হয়েছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ কুড়িগ্রাম সীমান্তের নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী এলাকাকে অধিক গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশের স্থানগুলো চিহ্নিত করে সেখানে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সীমান্তবাসীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :