
নিউজ ডেস্ক
কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা এলাকায় মসজিদে নামাজ পড়তে বাঁধা দেওয়া এবং এ নিয়ে বিরোধের জেরে মোঃ ছকমল হোসেন (৫০) নামের এক মুসল্লীকে গালাগালি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তিন জনের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন—টাপু নামা ভেলাকোপা গ্রামের বাসিন্দা মোঃ ফারুক হোসেন, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আহত ছকমল হোসেন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টাপু নামা ভেলাকোপা এলাকার বাসিন্দারা মিলে ফারাজিপাড়া জামে মসজিদ নির্মাণ করেন এবং দীর্ঘদিন ধরে সেখানে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করে আসছেন। তবে গ্রামের একাংশ মসজিদে নামাজ না পড়ে নতুন করে একটি ওয়াক্তি ঘর নির্মাণ করে সেখানে নামাজ পড়তে চাপ সৃষ্টি করে।
গত সোমবার সকালে ছকমল হোসেন নতুন ওয়াক্তি ঘরে নামাজ পড়তে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তাকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
আপনার মতামত লিখুন :