কুড়িগ্রামের সন্তান ড. আতিক মুজাহিদ তুরস্কের ডেপুটি মিনিস্টারের সঙ্গে বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা


HK প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন /
কুড়িগ্রামের সন্তান ড. আতিক মুজাহিদ তুরস্কের ডেপুটি মিনিস্টারের সঙ্গে বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক || হামার কুড়িগ্রাম নিউজ

 

বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকায় তুরস্কের দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন কুড়িগ্রামের সন্তান ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যিনি আলোচনায় সংস্কার, যুব উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি, সংবিধান সংস্কার, বিচারব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-তুরস্কের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে কুড়িগ্রামের সন্তান ড. আতিক মুজাহিদ “হামার কুড়িগ্রাম নিউজ”-কে বলেন,

“আলোচনায় আমরা উল্লেখ করেছি যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের একটি সভ্যতাগত সম্পর্ক রয়েছে। তাই আমাদের উচিত D-8 (ডেভেলপমেন্ট-৮) এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করা। যেহেতু আমরা যুবক, OIC Youth কার্যক্রমকে বাংলাদেশের তরুণদের সঙ্গে একত্রিত করে চালু করা প্রয়োজন।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর হোক—এটাই সময়ের দাবি।

প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, আলাউদ্দিন মোহাম্মদ, মনিরা শারমিন ও সৈয়দ নীলিমা দোলা।

উল্লেখ্য, এর আগে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন।