কুড়িগ্রামের মৃত ইউপি চেয়ারম্যানকে মামলায় আসামি করে নোটিশ!


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন /
কুড়িগ্রামের মৃত ইউপি চেয়ারম্যানকে মামলায় আসামি করে নোটিশ!

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হান্নান সরকার মৃত্যুর প্রায় পাঁচ বছর পর একটি মামলায় আসামি হিসেবে নোটিশ পেয়েছেন।

সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থানার সিআর মামলা নং-৩২৯/২৫, তারিখ ২৮ মে ২০২৫ খ্রিস্টাব্দে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করে পিবিআই (অর্গানাইজড ক্রাইম-সাউথ) কর্তৃক ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তদন্ত স্বার্থে মামলার আসামি হিসেবে আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকার বনশ্রীতে পিবিআই কার্যালয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে হবে।

কিন্তু বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মরহুম চেয়ারম্যানের ছেলে মো: হাসান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন—
“আব্বা দলদলিয়া ইউপি চেয়ারম্যান ছিলেন এবং তিনি ৩০ অক্টোবর ২০২০ সালে মারা গেছেন। অথচ যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে ২৮ মে ২০২৫ তারিখে। কি বলবো বুঝতেছি না, মরেও শান্তি নাই এই দেশে।”

স্থানীয়রা বলছেন, একজন মৃত ব্যক্তিকে মামলায় আসামি করা এবং তাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো চরম অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার প্রমাণ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা চলছে।