কুড়িগ্রামের উলিপুরে তীব্র নদী ভাঙন, ঝুঁকিতে শতাধিক পরিবার


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন /
কুড়িগ্রামের উলিপুরে তীব্র নদী ভাঙন, ঝুঁকিতে শতাধিক পরিবার

নিউজ ডেস্ক
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কিসামত ফুলবাড়ী ও কলাকাটা এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীর পানি কমে গেলেও ভাঙনের গতি থেমে নেই। প্রতিদিনই বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে।

স্থানীয়রা জানান, ইতিপূর্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রাম স্বল্প পরিমাণে জিওব্যাগ ফেলেছিল। তবে তা ভাঙন রোধে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

কিসামত ফুলবাড়ীর বাসিন্দা মনজুরুল ইসলাম রাজু বলেন, “প্রতিদিনই নদী গিলে খাচ্ছে বাড়িঘর ও জমি। আমরা আতঙ্কে আছি, কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছে না কেউ।”

কলাকাটা গ্রামের এক শিক্ষক জানান, স্কুলঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতি হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে শতাধিক পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে।