কারামুক্ত হয়ে ঐক্যের ডাক দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন


HK প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন /
কারামুক্ত হয়ে ঐক্যের ডাক দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন

বিশেষ প্রতিনিধি:

দীর্ঘ এক বছর কারাভোগ শেষে এলাকায় ফিরে এসে পরিবর্তিত পরিস্থিতির কথা তুলে ধরে ঐক্যের আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন। তিনি বলেন, জেল থেকে ফিরে মানুষের ভালোবাসায় সিক্ত হলেও জেলার ভেতরে বিভাজন ও গ্রুপিং এখনো বিদ্যমান, যা ভবিষ্যতের জন্য অশনি সংকেত।

নিজ বক্তব্যে তিনি কারাগারে কাটানো কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ৫ বাই ৮ ফুট সেলে ছয় মাস এবং বিশেষ ওয়ার্ডের নামে টর্চার সেলে আরও ছয় মাস থাকার মাধ্যমে কষ্টের বাস্তবতা উপলব্ধি করেছেন। তিনি প্রত্যাশা করেন, এমন কষ্ট যেন আর কাউকে সহ্য করতে না হয়।

তিনি অভিযোগ করেন, এখনো অভ্যন্তরীণ বিভেদ ও পরস্পরের প্রতি বিরূপ মনোভাব চলমান রয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং জেলার সামগ্রিক পরিস্থিতি ঝুঁকির মধ্যে রয়েছে। “আমরা বিপদে আছি, মানুষ বিপদে আছে, কুড়িগ্রাম বিপদে আছে”—এ কথা উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

সাদ্দাম হোসেন নয়ন কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর কার্যক্রম সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক বিভেদ ভুলে একে অপরকে সহযোগিতা করে জেলার অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

এছাড়া তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিও একসাথে কাজ করার আহ্বান জানান, যাতে কুড়িগ্রামকে একটি উন্নত ও বাসযোগ্য জেলায় রূপান্তর করা যায় এবং নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হয়।

কুড়িগ্রামের পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মীদের পেছনে সময় ব্যয় না করে মাদকমুক্ত সমাজ গঠনে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, যা বর্তমানে সময়ের সবচেয়ে বড় দাবি।

জেলার সাধারণ মানুষের প্রতিও শান্তি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার বিজয় নিশ্চিত হবে।

বক্তব্যের শেষাংশে তিনি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে তার বক্তব্য শেষ করেন।