কাজ শেষ হওয়ার আগেই ভাঙছে সড়ক: নাগেশ্বরীতে নিম্নমানের নির্মাণকাজে ক্ষোভ, অনিয়মের অভিযোগে সরেজমিনে এমপি


HK প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ২:২৮ অপরাহ্ন /
কাজ শেষ হওয়ার আগেই ভাঙছে সড়ক: নাগেশ্বরীতে নিম্নমানের নির্মাণকাজে ক্ষোভ, অনিয়মের অভিযোগে সরেজমিনে এমপি

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিসমিল্লাহ অটোরাইস মিল থেকে চৌবাড়ী পয়রাডাঙ্গা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন দেখা দেওয়ায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পরপরই সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরা এবং খসে পড়ার ঘটনা ঘটতে শুরু করে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে উন্নয়নকাজের মান নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন।

ঘটনার খবর প্রকাশের পর কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম সরেজমিনে গিয়ে নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে কাজের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য জানতে পারেন।

স্থানীয়দের দাবি, মূল ঠিকাদার নিজে কাজ বাস্তবায়ন না করে অন্য এক ব্যক্তির কাছে কাজটি বিক্রি করে দেন। পরবর্তীতে সেটি আরও কয়েক দফা হাতবদল হয়। এর ফলে নির্মাণকাজে যথাযথ তদারকি ও গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ক্ষোভ প্রকাশ করে একাধিক বাসিন্দা বলেন,
“যারা কাজ নিয়ে নিজেরা বাস্তবায়ন না করে বারবার বিক্রি করে দেয়, তাদের কারণেই উন্নয়নকাজের মান ধ্বংস হচ্ছে। এ ধরনের ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা উচিত।”

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিম্নমানের নির্মাণকাজ বাতিল করে পুনরায় মানসম্মতভাবে সড়ক নির্মাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঠিকাদারদের কাজ না দেওয়ার দাবি জানিয়েছেন।

জনগণের টাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।