ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন /
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শহিরুজ্জামান সাজু, আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির এবং জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান।

বক্তারা বলেন, “রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার দমনে পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। ওসমান হাদির ওপর গুলি চালানো তারই একটি ভয়াবহ দৃষ্টান্ত।”

তারা আরও বলেন, “এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িতরা বারবার পার পেয়ে যাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে শহরের কয়েকটি এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।